দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পৃথক ঘটনায় শিয়ালের আক্রমণে দুই নারী আহত হয়েছেন। তাদের মধ্যে রোকেয়া খাতুন (৭০) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা এলাকায় ঘটনাগুলো ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে বাড়ির পাশের সড়কে হাঁটতে বের হলে হঠাৎ একটি শিয়াল রোকেয়া খাতুনের ওপর ঝাঁপিয়ে পড়ে। শিয়ালটি তার মুখমণ্ডল, দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুতর জখম করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিয়ালটিকে ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলেন।
পরে আহত রোকেয়া খাতুনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
একই দিন সকালে একই ইউনিয়নের চন্দ্রখানা এলাকার বাসিন্দা চন্দনা রানী (৩৯) বাড়ির হাঁসকে খাবার দিতে গিয়ে আরেকটি শিয়ালের আক্রমণের শিকার হন। পরে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্কের টিকা দেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে গেছেন।
চন্দনা রানীর স্বামী সন্তোষ চন্দ্র রায় জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার স্ত্রী বর্তমানে বাড়িতে বিশ্রামে রয়েছেন।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিছুর রহমান বলেন, শিয়ালের আক্রমণে আহত দুই নারীর মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। অপরজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরপর দুটি শিয়ালের আক্রমণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এমএস/